ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়ন ভূমি কার্যালয়ের নাকের ডগায় গোপন সমাঝোতার ভিত্তিতে সরকারি সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। উপজেলার রূপসা বাজারে এ ঘটনা ঘটে। বিল্ডিং নির্মাণ আইনকে উপেক্ষা করে প্রকাশ্যেই চলছে অবৈধ এ ভবন নির্মাণ কাজ। এতে সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ বিরাজ করছে। নিয়মনীতির তোয়াক্কা না করে গড়ে উঠা ৫ তলা বিশিষ্ট এ ভবনটির কারণে প্রাণহানির আশঙ্কাও করেছেন স্থানীয়রা।
সরেজমিনে জানা যায়, রূপসা উত্তর ইউনিয়ন ভূমি কার্যালয় থেকে মাত্র ৪ থেকে ৫শত ফিট দূরে প্রকাশ্যে রূপসা বাজারে সরকারি সম্পত্তিতে প্রকাশ্যে ভবন নির্মাণ কাজ করছে খোকন দেবনাথ নামের এক ঔষধ ব্যবসায়ী। এর আগে দেবনাথ ফার্মেসী নামে একটি দোকান থাকলেও সরকারি সম্পত্তি দখল করে ওই দোকানের সাথে সংযুক্ত করে ৫ তলা বিশিষ্ট ভবন নির্মাণ করছেন ওই ব্যবসায়ী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রূপসা উত্তর ইউনিয়নের ১৪০ নং রূপসা মৌজার ১ নং খতিয়ানে ৩২৪২ দাগে সরকারি সম্পত্তি রয়েছে। সরকারি মালিকানাধীন এই খাস সম্পত্তি বন্দবস্ত পাওয়ার জন্য খোকন দেবনাথ ও তার স্ত্রী পৃথকভাবে গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তার কার্যালয়ের দায়িত্বরতরা সরেজমিন পরিদর্শন করে সরকারি সম্পত্তি ছাড়া নিজস্ব মালিকানা সম্পত্তিতে আবেদনকারীদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য নির্দেশ প্রদান করেন। কিন্তু সরকারের বিধি নিষেধের তোয়াক্কা না করে খোকন দেবনাথ সরকারি মালিকানাধীন খাস জমি দখল করে ৫ তলা বিশিষ্ট ভবন নির্মাণ করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা প্রশাসনের ভূমিকার বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ভবনটি নির্মাণের আগে মাটি পরীক্ষা (সয়েল টেস্ট) করা হয়নি। তা ছাড়া গোপন সমাঝোতা ব্যতিত ভূমি কার্যালয়ের পাশে সরকারি সম্পত্তিতে এত বড় বিল্ডিং কিভাবে নির্মাণ হচ্ছে । তরিঘরি করে স্থাপনার কারণে যে কোন সময় ভবনটি ধ্বসে পড়ে বড় ধরণের প্রাণহানি হতে পারে।
অভিযুক্ত খোকন দেবনাথ বলেন, এখানে আমি এক শতাংশের মতো সম্পত্তি ক্রয়মূলে মালিক হয়েছি। আগেরও আমার একটি দোকান রয়েছে, তার সাথে সংযোজন করে এখন ভবন নির্মাণ করছি। বহুতল ভবন নির্মাণের নিয়মনীতি লঙ্ঘন হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সয়েল টেস্ট করিনি ঠিত, তবে অভিজ্ঞ রাজমিস্ত্রি দিয়ে কাজ করছি। তিনি বলেন, ভবন করার বিষয়ে আমি ভূমি অফিস থেকে অনুমোদন নিয়েছি। সরকারি সম্পত্তি দখলের বিষয়ে তিনি বলেন, আমি আমার সম্পত্তিতে কাজ করছি।
সরকারি সম্পত্তি দখলের বিষয়টি নিশ্চিত করে রূপসা উত্তর ইউনিয়ন (ভূমি) সহকারি কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, অবৈধভাবে নিমাণাধীন ভবনের মালিক খোকন দেবনাথকে একাধিকার নিষেধ করলেও তিনি কর্নপাত করেন নি। সরকারি ভূমিতে নির্মাণাধীন অবকাঠামো উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য উপজেলা সহকারি কমিশনার ভূমি বরাবর গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে ৩৪ নং স্মারক মূলে আবেদন পাঠিয়েছি।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ.আর.এম জাহিদ হাসান বুধবার (৬ মে) এ প্রতিবেদককে বলেন, খোকন দেবনাথ আবেদন করেন, সরকারি খাস জমির পাশে পূর্বের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, তা মেরামত করা প্রয়োজন। তার আবদনের প্রেক্ষিতে আমরা মাপ জরিপ করে খোকন দেবনাথের মালিকানাধীন সম্পত্তিতে কাজ করার জন্য অনুমোতি দিয়েছি। সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ করেছি যে তিনি সরকারি সম্পত্তি খাস জমি দখল করে ভবন নির্মাণ করছেন একই সাথে পাকা ভবন নির্মাণ আইন উপেক্ষা করে কাজ করছেন তিনি। সরকারি সম্পত্তিতে দখলকৃত স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনাসহ সরকারি বিধি নিষেধ লঙ্ঘন করে ভবন নির্মাণ করায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে আমি বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে উপজেলা সহকারি কমিশনারকে নির্দেশ দিয়েছি, সরকারি সম্পত্তি রক্ষার স্বার্থে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য।
শিরোনাম:
ফরিদগঞ্জে সরকারি সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণ ॥ গোপন সমাঝোতায় ৫ তলা দৃশ্যমান
-
ফরিদগঞ্জ প্রতিনিধি: - Update Time : ১১:৫৩:১২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- ২৬ Time View
Tag :
Popular Post

























