চাঁদপুরের হাজীগঞ্জে রাতে অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করার অভিযোগে ২১ কিশোরকে আটক করেছে থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো তথ্য না পাওয়ায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাওসার আলম ভূঁইয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে থানা পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রাতে অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করায় ২১ কিশোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

পরে জিজ্ঞাসাবাদে তারা রাতে ঘোরাফেরার বিষয়ে সন্তোষজনক কোনো কারণ জানাতে পারেনি। এ অবস্থায় তাদের অভিভাবকদের থানায় ডেকে আনা হয়। আটক কিশোরদের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে বিরূপ কোনো তথ্য না পাওয়ায় প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
পুলিশ জানায়, কিশোরদের রাতের বেলা অযাচিত ঘোরাফেরা, মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কিশোরদের সুরক্ষা ও অপরাধপ্রবণতা রোধে হাজীগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
























