চাঁদপুরের শাহরাস্তিতে মোটরসাইকেল চুরি মামলার এজাহারনামীয় আসামি ইমরান হোসেন (৩৬) কে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
রোববার (১ নভেম্বর ২০২৬) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এসআই শমসেদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় মোটরসাইকেল চুরি মামলার এজাহারনামীয় আসামি ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দখল থেকে চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ইমরান হোসেন ঢাকা জেলার যাত্রাবাড়ী থানাধীন শেখদি (মাদ্রাসা রোড) এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম সিরাজ আলী এবং মায়ের নাম জরিনা বেগম।
পুলিশ জানায়, এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে মামলা দায়ের করা হয়। মামলার নম্বর এফআইআর-২৭, জিআর-৩৪৩ এবং দণ্ডবিধির ৩৭৯ ধারায় এটি রুজু করা হয়েছে।
গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

















