নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা, সনদপত্র, যুব ঋণের চেক, ক্রেস্ট ও গাছের চারা বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জামান। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাকসুদ আলম, উপজেলা প্রকৌশলী মো. মাইনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান পাটোয়ারী, উপজেলা বিএনপির সহসভাপতি শাহ মোহাম্মদ আলী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী এবং প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে তাদের দক্ষ ও কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে হবে। আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরিতে যুব ঋণের সঠিক ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে প্রশিক্ষণ, দক্ষতা অর্জন ও উদ্যোগ গ্রহণের মাধ্যমে যুবসমাজকে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে অতিথিরা সফল যুব উদ্যোক্তাদের হাতে সনদপত্র, যুব ঋণের চেক, ক্রেস্ট ও গাছের চারা তুলে দেন।

















