শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিঃ) শেখ রায়হানুল ইসলাম ও এএসআই (নিঃ) আজাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাড়িয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে আলা উদ্দিন (৩০) এবং একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর (খলিফা বাড়ি) গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মাকসুদুর রহমান মোমিন (৫০)।
পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেফতারকৃত আলা উদ্দিন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য। অপরদিকে, মাকসুদুর রহমান মোমিন চিতোষী পশ্চিম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।























