চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে চাঁদপুর সদর উপজেলা। শনিবার অনুষ্ঠিত ফাইনালে ফরিদগঞ্জ উপজেলাকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চাঁদপুর সদর। খেলার ৭ মিনিটেই সোহেলের গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধেই শাওন আরও একটি গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সদর উপজেলা। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ডিফেন্ডার আশিক দৃষ্টিনন্দন এক গোল করলে ৩-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় তাদের। কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে ফাইনাল ঘিরে স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

টুর্নামেন্টে সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের মাহিব এবং ৪ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন একই দলের শাওন। ফাইনালসেরার পুরস্কার জিতেছেন সদর উপজেলার তুহিন, আর রানার্সআপ ফরিদগঞ্জ উপজেলার পুষ্প জিতেছেন টুর্নামেন্টসেরার পুরস্কার।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এবং চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক। এ সময় চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, সদর ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। গত ১৪ নভেম্বর জেলার ৮টি উপজেলা দল নিয়ে শুরু হয়েছিল এই আসর।





















