হাজীগঞ্জে মাসব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন কার্যক্রমের অংশ হিসেবে পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান, তরুণ এবং যুবকদের মাঝে পরিবার ভিত্তিক ঋণ প্রদান, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি ও শিশুর যত্ন বিষয়ে প্রশিক্ষন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে গৃহিত কর্মসূচীর অংশ হিসেবে সোমবার (৩০ ডিসেম্বর) উল্লেখিত কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে তরুণ এবং যুবকদের মাঝে পরিবার ভিত্তিক ঋণের চেক বিতরণ এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি ও শিশুর যত্ন বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়।

এদিন সকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে বিদ্যালয় ক্যাম্পাস ও শ্রেণিকক্ষ পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়। দুপুরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহাম্মদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তরুণ এবং যুবকদের মাঝে পরিবার ভিত্তিক ঋণের চেক বিতরণ করা হয় এবং বিকালে উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক লায়লা আঞ্জুম ভানুর সভাপতিত্বে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি ও শিশুর যত্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের সভাপতিত্বে গত ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) মাসব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও যুব সংগঠনের অংশগ্রহণের মাধ্যমে ভলিবল, সাঁতার, ক্রিকেট টুর্নামেন্ট, কাবাডি ও বাস্কেটবল প্রতিযোগিতা, যুব সমাবেশ, পরিস্কার পরিবেশ ও পরিচ্ছন্ন খেলার মাঠ, মশক নিধন ও জলাশয় পরিচ্ছন্ন কার্যক্রম, পলিথিন বর্জন করে পাটজাত পন্যের ব্যবহার বৃদ্ধিকল্পে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ ও যুব উদ্যোক্তাদের পন্য প্রদর্শনীর সিদ্ধান্ত গ্রহণ বাস্তবায়নের কথা উল্লেখ করা হয়।
এছাড়াও প্লাস্টিক প্রণ্যের বিকল্প ব্যবহার বিষয়ক কর্মশালা, জুলাই-আগস্ট বিপ্লবে অংশগ্রহণকারী যুবদের মধ্যে থেকে ডেক্রোক্রেসি অ্যাওয়ার্ড প্রদান, কিশোরী-কিশোরীদের পুষ্টি বিষযক সচেতনতা কার্যক্রম ও নিউট্রিশন অলিম্পিয়াড আয়োজন, তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের আয়োজন, পিঠা উৎসব, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে সচেতনতামূলক ফটোরিলিজ, তারুণ্যের উৎসব সম্পর্কিত আলোচনা ও অনুষ্ঠান সরাসরি সম্প্রচারসহ বেশ কিছু কর্মসূচী বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য, জুলাই-আগস্টে ছাত্র জনতার উত্তাল আন্দোলন আর দেড় হাজারেরও বেশি অকুতোভয় মুক্তিকামী মানুষের রক্তের বিনিময়ে পরাজিত ও ক্ষমতাচ্যুত হয়েছে ফ্যাসিবাদী সরকার। ছাত্র-জনতার সেই সফল আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে দেশের তরুণ সমাজ। সেই তরুণদের লড়াই-সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে উদ্যোগী হয়েছে অন্তর্র্বতীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য ও পরিকল্পনায় তারুণ্যের উৎসবের পরিকল্পনা নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামী ৩০ ডিসেম্বর বিপিএল দিয়ে শুরু হবে সেই ‘তারুন্যের উৎসব ২০২৫। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ ১২টির বেশি মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রায় দুই মাস ধরে চলবে তরুণদের উৎসব।

























