চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় রাষ্ট্রীয় শোক ও সরকারি ছুটি উপেক্ষা করে পুরস্কার বিতরণসহ একাধিক শিক্ষা কার্যক্রম পরিচালনার অভিযোগে শোকজপ্রাপ্ত হজরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন তপাদার শোকজের লিখিত জবাব দাখিল করেছেন।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রাষ্ট্রীয়ভাবে শোক ঘোষণা করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ ৩০ ডিসেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে ৩১ ডিসেম্বর (বুধবার) সাধারণ ছুটি ঘোষণা করেন। পাশাপাশি ৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) সারাদেশে জাতীয় শোক পালনের নির্দেশনা দেওয়া হয়।
তবে সরকারের এ স্পষ্ট নির্দেশনা অমান্য করে সাধারণ ছুটির দিন ৩১ ডিসেম্বর হজরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং প্রতিবাদ-বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে এলাকাবাসীর একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক নাসির উদ্দিন তপাদার আওয়ামী লীগের ঘনিষ্ঠ দোসর হওয়ায় ইচ্ছাকৃতভাবে তিনি রাষ্ট্রীয় শোক ও সরকারি ছুটি উপেক্ষা করে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করেছেন। তারা বিষয়টি তদন্তপূর্বক দোষীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ এবং প্রধান শিক্ষককে অপসারণের দাবি জানান।
ঘটনার পরিপ্রেক্ষিতে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কেএম ইশমাম প্রধান শিক্ষক নাসির উদ্দিন তপাদারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম বলেন, “শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন তপাদার শোকজের জবাব দিয়েছেন। বিষয়টি অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ”ঘটনাটি ঘিরে শিক্ষা প্রশাসন ও স্থানীয় মহলে চরম অসন্তোষ বিরাজ করছে।
সফিকুল ইসলাম রিংকু 











