মিঠুন দাস :
হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্য চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মমিনুল হক–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সোনাইমুড়ীস্থ তাঁর নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম সিফাত, সাধারণ সম্পাদক খন্দকার আরিফসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাৎকালে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ। এ সময় স্থানীয় উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে উভয়পক্ষের মধ্যে খোলামেলা আলোচনা হয়।
নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, হাজীগঞ্জ-শাহরাস্তিকে একটি শান্তিপূর্ণ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি অঙ্গীকারবদ্ধ। তিনি সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের ঘোষণা দেন। “কোনো ধরনের অপরাধ বা সামাজিক অনিয়ম বরদাস্ত করা হবে না। প্রশাসনকে আরও সক্রিয় ও জবাবদিহিমূলক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে,”—বলেন তিনি।
জনকল্যাণমূলক কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি জানান, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানুষের মৌলিক সেবার মানোন্নয়নই হবে তাঁর অগ্রাধিকার। বিশেষ করে স্বাস্থ্যখাতে উন্নয়নের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার মান বৃদ্ধি, প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
পরিবেশ সুরক্ষা নিয়ে সাংসদ বলেন, খাল-বিল, জলাশয় ও সরকারি জমি দখলমুক্ত রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৃক্ষরোপণ কর্মসূচি সম্প্রসারণ, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাংবাদিক নেতৃবৃন্দ স্থানীয় সমস্যা ও উন্নয়ন সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সঠিক তথ্য প্রচারের মাধ্যমে গণমাধ্যম উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখতে প্রস্তুত। তারা গণমাধ্যমের স্বাধীন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
জবাবে সাংসদ ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, “গণমাধ্যম সমাজের আয়না। সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে তা উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে।” তিনি সাংবাদিকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের আশ্বাস দেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
Reporter Name 

















