চাঁদপুরের শাহরাস্তিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী ও ভালো ফলাফলে উৎসাহিত করতে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গ্রহণ করেছে এক ব্যতিক্রমী উদ্যোগ। বৃত্তি পেলেই মিলবে সাইকেল! বৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল উপহার দেওয়ার ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। উপজেলার উনকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি ও শিক্ষক, অভিভাবক এবং বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভায় এ উদ্যোগের কথা জানান নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. রহিম আহমেদ (শাওন)।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় উনকিলা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. রহিম আহমেদ (শাওন)-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম পাটোয়ারী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া বেগম।
বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য ডাক্তার জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আব্দুল হান্নান পিন্টু, উপজেলা তাঁতীদলের সাবেক সভাপতি এমরান হোসাইন পাটোয়ারী, রায়শ্রী উত্তর ইউনিয়ন জামায়াতের আমির জাকির হোসেন ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান লিটন প্রমুখ।
সভাপতির বক্তব্যে মো. রহিম আহমেদ (শাওন) বলেন, ‘আমি এখান থেকে কিছু নিতে আসিনি, বরং সর্বোচ্চ চেষ্টা করব এই শিক্ষাপ্রতিষ্ঠানকে কিছু দেওয়ার জন্য। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।’ এ সময় শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী ও ভালো ফলাফলে উৎসাহিত করতে ভবিষ্যতে বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল উপহার দেওয়ার ঘোষণা দেন তিনি।
প্রধান অতিথি সেলিম পাটোয়ারী লিটন বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, পড়ালেখার খোঁজখবর রাখা এবং নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। শিক্ষার পরিবেশ উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটিকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেন।
বিশেষ অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, প্রাথমিক শিক্ষাই একটি শিশুর শিক্ষাজীবনের মূল ভিত্তি। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সচেতনতা এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পাঠদানে যত্নশীলতা ও শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষক-অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

























