সুজন দাস:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী, হাজীগঞ্জ উপজেলা সংসদের উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল ৩টায় হাজীগঞ্জ প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা ও গুণীজন সংবর্ধনার মধ্য দিয়ে নতুন বছরের সূচনা উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী হাজীগঞ্জ উপজেলা সংসদের সভাপতি সানাউল্লাহ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নন্দিনী দাস। এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সুজন দাস, কামাল হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক মিলি সাহা, আরিফ হোসেনসহ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল উদীচী হাজীগঞ্জ শাখার সাবেক সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিহারঞ্জন হালদার মিলনকে সংবর্ধনা প্রদান। তার দীর্ঘদিনের সাংস্কৃতিক কর্মকাণ্ড, সমাজসেবামূলক অবদান এবং উদীচীর কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়।
সভায় বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম প্রধান উৎসব। এই দিনটি নতুন আশা, নতুন সম্ভাবনা এবং অসাম্প্রদায়িক চেতনাকে জাগ্রত করে। উদীচীর মতো সংগঠনগুলো দীর্ঘদিন ধরে সংস্কৃতি চর্চার মাধ্যমে সমাজে মানবিকতা, সাম্য ও প্রগতিশীল চেতনা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। বক্তারা ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে উদীচীর সাংস্কৃতিক কার্যক্রমের প্রশংসা করে বলেন, “এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে সংস্কৃতির প্রতি আগ্রহী করে তোলে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা পালন করে।”
সাংস্কৃতিক পর্বে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। শিল্পীদের পরিবেশনায় পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী গান ও কবিতায় মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন।
সবশেষে নতুন বছরের শুভ কামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। উপস্থিত সকলেই আনন্দঘন পরিবেশে একে অপরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
Reporter Name 




















