চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পুলিশের পৃথক তিনটি অভিযানে ৩টি মাদক মামলায় ৫ জন মাদক ব্যবসায়ী ও ৫ বছরের সাজাপ্রাপ্ত ১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সকালে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার নায়েরগাও দক্ষিণ ইউনিয়নের শাহপুর বাজার এলাকায় মেসার্স মাসুদ এন্টারপ্রাইজ দোকানের সামনে শাহপুর-আশ্বিনপুর সড়ক থেকে সুফি আহম্মেদ (৪৪) নামে এক ব্যক্তিকে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
এদিকে নারায়ণপুর পৌরসভার গরুর বাজার সংলগ্ন সোহাগ টিম্বার অ্যান্ড স’মিল ডোর হাউজের সামনে অভিযান চালিয়ে মোঃ পারভেজ (২০) ও মিঠুন বনিক (৩২)-এর দেহ তল্লাশি করে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে খাদেরগাও ইউনিয়নের ঘিলাতলী তালুকদার বাড়ির পুকুরের দক্ষিণ পাড় এলাকায় অভিযান চালিয়ে মোঃ সাইফুল ইসলাম (৩৫) ও মোঃ আলাউদ্দিন (২০)-এর কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া মতলব পৌরসভা এলাকার দগরপুরে গ্রেফতারি অভিযান চালিয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি জিয়াউর রহমান (৪৬)-কে গ্রেফতার করে পুলিশ।
মতলব দক্ষিণ থানা-র অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক জানান, মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সফিকুল ইসলাম রিংকু 























