চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা-এ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিনে পৃথক অভিযানে আরও দুই আসামিকে গ্রেফতারসহ মোট ৪ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ মে) রাত ১২টা ২০ মিনিটের দিকে মতলব পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিণ বাইশপুর এলাকার মতলব টোল ব্রিজ সড়কে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অখিল চন্দ্র সরকার। এসআই জীবন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন।

অভিযানে গ্রেফতার করা হয় মাহমুদুল হাসান প্রকাশ আল-আমিন (২২) ও জুলহাস মুন্সি (৩৫)-কে। তাদের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা-এর ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর মুন্সিবাড়ি এলাকায় বলে জানা যায়। এ সময় তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২০, তারিখ: ২১ মে ২০২৬)। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

এদিকে, পৃথক অভিযানে এসআই আফজাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ রসুলপুর এলাকা থেকে হত্যা চেষ্টা ও মারধরের মামলার এজাহারভুক্ত আসামি মো. নাঈম হাজী (৩১)-কে গ্রেফতার করেন। একই দিনে এসআই মাকসুদুল হক সঙ্গীয় ফোর্সসহ মোবারকদী এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত আসামি নূরে আলম (৪৪)-কে আটক করে আদালতে সোপর্দ করেন।
গ্রেফতারকৃত সকল আসামিকে পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সফিকুল ইসলাম রিংকু: 
























