হাজীগঞ্জে সম্পত্তিগত বিরোধের জেরে চলাচলের পথ বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় দক্ষিণপাড়া হাফিজ উদ্দিন হাজী বাড়িতে চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ করেন, মো. শাহজাহান নামের এক ভুক্তভোগী। তিনি ওই বাড়ির মৃত আব্দুল আজিজের ছেলে।
তিনি একই বাড়ির মৃত কটু মিয়ার ছেলে শামছুল হক (৮০) ও তার ছেলে জানে আলমের (৫২) বিরুদ্ধে এমন অভিযোগ করেন। এর আগেও গত বছরের ৫ মে চলাচলের পথ বন্ধ করার অভিযোগ এনে তিনি হাজীগঞ্জ আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগে তিনি শামছুল হক ও জানে আলম’সহ হেলালকে (৪৫) অভিযুক্ত করেন।
জানা গেছে, শাহজানের পরিবারের সাথে শামছুল হকের পরিবারের সম্পত্তিগত বিরোধ চলে আসছে। এর মধ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার সালিশি বৈঠকের মাধ্যমে তাদের জায়গা-সম্পত্তি ভাগ-বন্টন করে দেন। কিন্তু শামছুল হক’সহ তাদের পরিবারের সদস্যরা শাহজানের সম্পত্তি ভোগ-দখলে বাধাবিঘ্ন সৃষ্টি করে আসছেন।
এমন অভিযোগ করে ভুক্তভোগী শাহজাহান বলেন, গত বছর তারা (শামছুল হক) আমাদের চলাচলের পথ বন্ধ করে দেয়। এর ধারাবাহিকতায় সম্প্রতি তারা আবারো বেড়া দিলে আমরা প্রতিবাদ করি। এসময় তারা আমাদের সাথে মারমুখী ও অশালীন আচরন করে এবং আমাদেরকে বিভিন্নভাবে হুমকি-ধমিক দেন। এতে আমরা কয়েকটি পরিবার ঘরবন্দী হয়ে পড়েছি।
তিনি বলেন, পথে বেড়া দেওয়ার কারণে আমরা কাজ-কর্মে যেতে এবং হাঁটা-চলা করতে পারিনা। হাট-বাজারে যেতে পারিনা। কেউ অসুস্থ হলে তাকে ডাক্তারের কাছে নিতে পারিনা। সারাদিন ঘরবন্দী হয়ে থাকতে হয়। আপনারদের (সাংবাদিক) মাধ্যমে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে আমরা ন্যায়-বিচার প্রার্থনা করছি।
এদিকে অভিযুক্ত শামছুল হক সংবাদকর্মীদের বলেন, আমরা কারো রাস্তা বা পথ বন্ধ করিনি। নিরাপত্তার জন্য আমরা আমাদের পথে বেড়া দিয়েছি। এসময় ওনার পরিবারের সদস্যরা বলেন, আমরা যেনো পুকুরে যেতে না পারি, সেজন্য তারা (শাহজাহান) পুকুরে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
























