চাঁদপুরের হাজীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মাহবুব আলম বাবলু (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (১৭ জুন) রাত ৮টা ৫৫ মিনিটে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নির্দেশনায় এসআই মো. নুরুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশ দল মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকার স্টেশন রোডে মুড়ির মিলের উত্তর পাশে আরফাত ফার্নিচার দোকানের সামনের এলাকা থেকে মাহবুব আলম বাবলুকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থল থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মাহবুব আলম বাবলু মকিমাবাদ এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে।
এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১৯(ক)/৪১ ধারায় মামলা (নং-১৯, তারিখ-১৮ জুন ২০২৬) দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে হাজীগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
























