দক্ষতা, সাহসিকতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ১৫ জন সদস্যকে বিশেষ পুরস্কার ও সনদ প্রদান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুরস্কারপ্রাপ্তদের তালিকায় স্থান পেয়েছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আহমদনগর পাটোয়ারী বাড়ির কৃতী সন্তান পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিত পুলিশ সদস্যদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

বর্তমানে মাহফুজুর রহমান কক্সবাজার জেলার মাতামুহুরী তদন্ত কেন্দ্রে কর্মরত রয়েছেন। চকরিয়ায় সংঘটিত একটি আলোচিত ডাকাতি ও গণধর্ষণ মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তিনি এ বিশেষ স্বীকৃতি অর্জন করেন। মামলার ভিকটিম উদ্ধার, গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত সংগ্রহ এবং দ্রুত ও কার্যকর অভিযান পরিচালনার মাধ্যমে তিনি সাতজন আসামিকে গ্রেপ্তারে বিশেষ অবদান রাখেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন, যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি আনতে সহায়ক ভূমিকা পালন করে।
পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, সাহসিকতা, সততা ও বিচক্ষণতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় জাতীয় পর্যায়ে এ সম্মাননা অর্জন করেন মাহফুজুর রহমান। পুরস্কার গ্রহণের পর তিনি এ অর্জনের কৃতিত্ব সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি উৎসর্গ করেন এবং তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মাহফুজুর রহমানের এই সাফল্যে গর্বিত শাহরাস্তিবাসী। স্থানীয়রা এটিকে উপজেলার জন্য এক অনন্য গৌরব ও সম্মান হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, তাঁর এই অর্জন তরুণ প্রজন্মকে সততা, নিষ্ঠা ও দেশসেবার আদর্শে উদ্বুদ্ধ করবে।
সংশ্লিষ্টদের মতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ স্বীকৃতি শুধু মাহফুজুর রহমানের ব্যক্তিগত অর্জন নয়; এটি বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের পেশাগত মনোবল বৃদ্ধি করবে এবং সাধারণ মানুষের কাছে পুলিশের ইতিবাচক ভাবমূর্তি আরও সুদৃঢ় করবে।


























