চট্টগ্রামের সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ আমির হোসেন (৪০) নামের এক ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদে এ ঘটনা ঘটেছে।

নিহত আমির হোসেন দীর্ঘ ১৩ বছর ধরে এ মসজিদের ইমামতি দায়িত্ব পালন করছেন। তার গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলায়। কিন্তু তিনি মসজিদে যে রুমে থাকতেন সেই রুমে মৃত্যুর পূর্বে একটি চিরকুট লিখে গেছেন।
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোতয়াল্লি মোহাম্মদ ইফতেকার আহমেদ বলেন, ‘আজ আসরের সময় মুসল্লিদের নিয়ে তিনি নামাজ পড়েন মসজিদে। কিন্তু মাগরিব ও এশার নামাজের সময় সে অনুপস্থিত ছিল। আমরা মনে করেছিলাম সে কোথাও কাজে গিয়েছে। দীর্ঘসময় স্থানীয়রা তাকে মসজিদে দেখতে না পেয়ে দ্বিতীয় তলায় ইমামের কক্ষে খোঁজ করতে যায়। কিন্তু তাতেও ছিল তালা দেওয়া। একপর্যায়ে মসজিদে দ্বিতীয় তলার জানালা দিয়ে দেখা যায় তার নিথর দেহ ফ্যানের সিলিংয়ের সঙ্গে একটি সবুজ রঙের কাপড় গলায় প্যাঁচানো অবস্থায় ঝুলছে। নিচে পড়ে আছে একটি মই। বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে এলাকাবাসী আসে এবং তার কক্ষে গিয়ে দেখি একটি চিরকুট লেখা। সেখানে পারিবারিক কলহের কথা লেখা ছিল।’

























