চাঁদপুরের হাজীগঞ্জে জুলাই শহীদ দিবস ২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বক্তারা তাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

আলোচনা সভা শেষে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই আন্দোলনে শহীদ চারটি পরিবারের সদস্যদের হাতে শুভেচ্ছা উপহার ও প্রত্যেক পরিবারকে ৪ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এম. এ. রহিম পাটওয়ারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাসহ অন্যান্য অতিথিরা।
সবশেষে উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা ফয়সাল হোসাইন শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
























