চাঁদপুরের হাজীগঞ্জে ইসকনের আয়োজনে অনুষ্ঠিত রথযাত্রায় হাজার হাজার ভক্তবৃন্দ নেচে গেয়ে আনন্দ আয়োজনে অংশগ্রহণ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জের বাকিলার উচ্চাঙ্গার ইসকনের শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ মন্দির থেকে রথযাত্রাটি শুরু হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহা সড়ক হয়ে প্রায় ৬ কিলোমিটার ভ্রমণ শেষে পৌরসভাধীন অভয়নগরে গিয়ে শেষ হয়।

বিশাল এ পথভ্রমণে ভক্তবৃন্দ নেচে গেয়ে আনন্দ উদযাপন করেন।
এর পূর্বে দুপরে রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি, চাঁদপুর জেলার ৪’বারের শ্রেষ্ঠ করদাতা, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী রোটা. রুহিদাস বণিক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রথযাত্রা আমাদের দেশে দীর্ঘদিনের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। এই উৎসব ভক্তি, মানবতা, সহমর্মিতা এবং সম্প্রীতির বার্তা বহন করে। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকে ধারণ করে আমরা সবাই যেন পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করি।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সকল ধর্মের মানুষের পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও সম্মানবোধ আমাদের সমাজকে আরও শক্তিশালী করে। রথযাত্রার এই পবিত্র আয়োজন সকলের জীবনে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি বয়ে আনুক।
আসুন, আমরা সবাই মিলে একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ, মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখি।
উদ্বোধনীয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ সাহা মনা, পৌর শাখার সভাপতি রাধা কান্ত দাস রাজু, সাধারণ সম্পাদক শ্যামল সাহা।
সার্বিক তত্ত্ববধানে ছিলেন মন্দিরের প্রধান পুরোহিত অধ্যক্ষ সুখময় কানাই দাসাধিকারী।
ইসকনের এ রথযাত্রা উৎসবে হাজীগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে শত শত সনাতন ধর্মালম্বীরা যোগ দেন। শতবছর ধরে যার ঐতিহ্য ও ধারাবাহিকতা অব্যহত রয়েছে।
রথ যাত্রার সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল মান্নান’সহ পুলিশের কর্মকর্তাবৃন্দ।
রথযাত্রাকে হাজীগঞ্জ বাজারে স্বাগত জানান, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, হাজীগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী, আধুনিক হাজীগঞ্জের রুপকার, শিক্ষাবিদ, হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী, ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুমন তপদার।
























