হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুর রহমান মিয়াজীর কবর জিয়ারত করলেন, মেয়র প্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী। শুক্রবার (২৪ জুলাই) বিকালে পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামের মিয়াজীর বাড়ির মরহুমের পারিবারিক কবরস্থানে উপস্থিত হয়ে তিনি তাঁর মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
মোহাম্মদ হাসান মিয়াজী আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সমর্থন প্রত্যাশী। তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ একাধিক পদে দায়িত্ব পালন করেছেন।
মোহাম্মদ হাসান মিয়াজী পতিত আওয়ামী লীগ সরকার ও দলীয় নেতাকর্মীদের রোষানলে পড়ে হত্যা মামলা’সহ একাধিক মামলার আসামি হয়েছেন এবং জেল খেটেছেন। তিনি আসন্ন হাজীগঞ্জ পৌরসভা মেয়র নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে পৌর এলাকায় গণসংযোগ শুরু করেছেন। ইতিমধ্যে তিনি পৌরসভার একাধিক এলাকায় গণসংযোগ করেন।
এই গণসংযোগের অংশ হিসেবে শনিবার (২৪ জুলাই) ৭নং ওয়ার্ড টোরাগড় ও হাজীগঞ্জ বাজারস্থ বড় পুলের পূর্বপাড় পর্যন্ত মেইন রোড এলাকায় স্থানীয় ও এলাকার লোকজনের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। তাঁর এই কার্যক্রমে দলীয় নেতাকর্মী’সহ সর্বস্তরের জনসাধারনের সক্রিয় অংশগ্রহণ করছেন এবং তার কাছে বিভিন্ন সমস্যা তুলে ধরে ও পৌরসভার সেবা ভিত্তিক চাহিদা উপস্থাপন করেন।
এক প্রতিক্রিয়ায় মোহাম্মদ হাসান মিয়াজী বলেন, আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে আমি মেয়র প্রার্থী। তবে বিএনপির একজন কর্মী হিসেবে আমি দলীয় সমর্থন প্রত্যাশী। দল যদি আমাকে মনোনিত করে সমর্থন দেয়, তাহলে আমি নির্বাচন করবো। আর যদি অন্য কাউকে সমর্থন করে, আমি তার সাথে থাকবো।
তিনি বলেন, আমি দলীয় সমর্থন ও আপনাদের ভোটে নির্বাচিত হলে পৌরসভার কাঙ্খিত উন্নয়ন এবং জবাবদিহিতামূলক কার্যক্রম নিশ্চিত করা হবে। পাশাপাশি গণসংযোগকালে আমি যেসব সমস্যা দেখতে পেয়েছি, উপলব্ধি করেছি এবং সম্মানিত পৌরবাসী যেসব সমস্যা উপস্থাপন করেছেন, তা ধারাবাহিকভাবে সমাধান করা হবে।





























