চট্টগ্রামের মিরসরাইয়ে দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে প্রথম স্ত্রীর বিরুদ্ধে। স্বামীকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে তার যৌনাঙ্গ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার, ৩০ জুলাই ভোররাতে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মোহাম্মদ রাসেল। তিনি পেশায় একজন পিকআপ চালক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দ্বিতীয় বিয়ে করাকে কেন্দ্র করে কিছুদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বিরোধ চলছিল। বুধবার রাতে তারা একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। বৃহস্পতিবার ভোরের দিকে রাসেলের ঘুমন্ত অবস্থাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে তার হাত-পা বেঁধে ফেলেন স্ত্রী মনি। এরপর ধারালো দা দিয়ে স্বামীর পা ও যৌনাঙ্গে এলোপাতাড়ি কোপান। এতে মারাত্মক রক্তাক্ত হন তিনি।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফাহিম জামাল জানান, সকাল ৯টার দিকে আশঙ্কাজনক অবস্থায় ও অতিরিক্ত রক্তক্ষরণরত ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, পারিবারিক বিরোধ থেকেই প্রথম স্ত্রী এই হামলা চালিয়েছেন। ধারালো দায়ের কোপে ওই ব্যক্তির যৌনাঙ্গের রগ কেটে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত হিসেবে রক্তমাখা দা উদ্ধার করেছে। এই ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত স্ত্রী মনিকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।





























