গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সরকারি নিদর্শনা অনুযায়ী চাঁদপুরের ফরিদগঞ্জের প্রাণকেন্দ্র ফরিদগঞ্জ বাজারের কেরোয়া ব্রিজ সংলগ্ন মাতৃপীঠ মডেল মাদ্রাসা এন্ড একাডেমীর আয়োজনে আয়োজিত ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৮ আগস্ট শনিবার মাদ্রাসা প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব কাছিয়াড়া জামে মসজিদের খতিব মুফতি মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক কালের সমাজ পত্রিকার ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ ইয়াছিন পালোয়ান। এছাড়া মাতৃপীঠ মডেল মাদ্রাসা এন্ড একাডেমীর পরিচালক মাওলানা মোঃ ইয়াছিন পাটোয়ারী ও মাইনুল ইসলাম পাভেল সহ মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ, দেশপ্রেম ও মানবিক গুণাবলি বিকাশে ইসলামি সাংস্কৃতিক চর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুস্থ সংস্কৃতি চর্চায় উৎসাহিত করার পাশাপাশি আত্মবিশ্বাসী ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।
পরে ৫ আগস্ট অনুষ্ঠিত ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন বিষয়ে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।





























