চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্য মো. আবু সাঈদ পাটোয়ারী রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে এ কে এম জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষাই একটি জাতির উন্নতির প্রধান চাবিকাঠি। শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই শিক্ষার উদ্দেশ্য পূরণ হয় না; শিক্ষার্থীদের সৎ, আদর্শবান, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। এজন্য নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিকভাবে সুস্থ রাখে এবং সাংস্কৃতিক চর্চা তাদের সৃজনশীলতা ও দেশপ্রেম বাড়ায়। তাই শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে পড়াশোনায় মনোযোগী হতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে জ্ঞান ও দক্ষতার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের সময়ের মূল্য বুঝতে হবে এবং প্রযুক্তির ভালো দিক কাজে লাগিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। শিক্ষক ও অভিভাবকদেরও শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জি এম ফখরুল হাসান বক্তব্য রাখেন।
সহকারী শিক্ষক আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাকিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের মোল্লা, সাংগঠনিক সম্পাদক শেখ খোরশেদ, প্রচার সম্পাদক কাজী জসিম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোশারফ হোসেন রবিন, ইউনিয়ন যুবদলের সদস্য সাইফুল ইসলাম খান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য লিটন মজুমদার এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোতালেব গাজী প্রমুখ।
অনুষ্ঠানের শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



























