ওমানের পূর্ব উপকূলে ভারতগামী একটি বাণিজ্যিক জাহাজে টর্পেডো হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এমভি কেপ দাও নামের জাহাজটিতে হামলার পর ১৯ জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, নিহত নাবিকের নাম সুরজ যাদব। তিনি ভারতের উত্তর প্রদেশের দেওরিয়া জেলার বাসিন্দা এবং জাহাজে ‘ওয়াইপার’ হিসেবে কাজ করতেন। ভারতের দিকে যাওয়ার পথে ওমানের পূর্ব উপকূলে এমভি কেপ দাও নামের জাহাজটি হামলার শিকার হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আজ ওমানের পূর্ব উপকূলে বাণিজ্যিক জাহাজ এমভি কেপ দাওয়ে হামলার আমরা নিন্দা জানাই’। মন্ত্রণালয় জানায়, জাহাজে থাকা ২০ ভারতীয় নাবিকের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। একজন ভারতীয় নাগরিক ‘দুঃখজনকভাবে নিহত হয়েছেন’। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওমানে থাকা ভারতীয় দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। উদ্ধার হওয়া নাবিকদের দ্রুত ভারতে ফিরিয়ে আনতে ওমানের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে দূতাবাস। এ কাজে সহযোগিতার জন্য ওমানি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে ভারত।
এদিকে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। উত্তেজনা কমাতে আবারও সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে তারা।
মন্ত্রণালয় বলেছে, বাণিজ্যিক জাহাজ, নাবিক ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা ‘অবশ্যই বন্ধ করতে হবে’। একই সঙ্গে ওই অঞ্চলের আন্তর্জাতিক নৌপথে দ্রুত অবাধ ও নির্বিঘ্নে জাহাজ চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ভারত।
ফরোয়ার্ড সিমেনস ইউনিয়ন অব ইন্ডিয়া (এফএসইউআই) জানিয়েছে, জাহাজটিতে দুটি টর্পেডো আঘাত হানে। এর একটি জাহাজের বাম পাশের ‘সি-ডেকে’ আঘাত করে। ওই অংশে নাবিকদের থাকার জায়গা ছিল। অন্য টর্পেডোটি ইঞ্জিন কক্ষের কাছে জাহাজের বাম পাশের কাঠামোয় আঘাত করে।
ইউনিয়নটি জানিয়েছে, জাহাজটিতে মোট ২৮ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ২০ জন ভারতীয় নাগরিক। তবে ওমানে থাকা ভারতীয় দূতাবাসের দেয়া ১৯ জন ভারতীয় নাবিকের সংখ্যার সঙ্গে এ তথ্যের পার্থক্য রয়েছে।
এক বিবৃতিতে এফএসইউআই বলেছে, এ অঞ্চলে নাবিকদের নিরাপত্তার যে আশ্বাস দেয়া হয়েছিল, এই হামলার পর তা অর্থহীন হয়ে পড়েছে। সংগঠনটি বলেছে, ‘হরমুজ প্রণালি ও এর আশপাশে নিরপরাধ বেসামরিক নাবিকদের হত্যা করা হচ্ছে।’
ঘটনার জন্য দ্রুত জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে ওই অঞ্চলের মধ্য দিয়ে চলাচলকারী নাবিকদের নিরাপদে যাতায়াত নিশ্চিত করা এবং সুরজ যাদবসহ ‘এখনো ঝুঁকিতে থাকা প্রত্যেক ভারতীয় নাবিকের’ জন্য ন্যায়বিচার দাবি করেছে তারা।



























