চাঁদপুরের ফরিদগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান মানিকের সঙ্গে সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আলোচনা হয়।

সভায় সাংবাদিকদের পক্ষে বক্তব্য দেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল। এছাড়া মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন পাটওয়ারী ও ইউপি চেয়ারম্যান শাহজালাল পাটওয়ারীসহ উপস্থিত ব্যক্তিরা উপজেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সম্ভাবনার কথা তুলে ধরেন।
বক্তারা বলেন, একটি উপজেলার সার্বিক উন্নয়নে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ। জনসাধারণের প্রত্যাশা অনুযায়ী সরকারি সেবার মান বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নবাগত ইউএনও মেহেদী হাসান মানিক বলেন, ফরিদগঞ্জের উন্নয়ন ও জনসেবার মান বৃদ্ধিতে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান। এক্ষেত্রে উপজেলার সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। তিনি প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্থানীয় সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ব্যক্তিরা নবাগত ইউএনওকে স্বাগত জানান এবং ফরিদগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণে উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।



























