একটি রাজনৈতিক দল ১৯৭১ সালের মতো আচরণে ফিরে গেছে এবং মা-বোনদের ইজ্জত হরণ ও হত্যাকাণ্ডে জড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির নেতা-কর্মী ও উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘এখন সময় এসেছে এদের মুখোশ উন্মোচনের।’Politics
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়) উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের কর্মকাণ্ডে শুধু দেশের ভেতরেই নয়, বহির্বিশ্বেও বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। অথচ তারা অন্যদের নসিহত করে বেড়াচ্ছে। বিভ্রান্তি থেকে দেশকে রক্ষা করতে হলে ১৯৭১ ও ১৯৮৬ সালে ওই রাজনৈতিক দলের ভূমিকা কী ছিল, তা আবারও জনগণের সামনে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেন তিনি।
অরাজকতা ও ষড়যন্ত্রকারীদের কঠোর জবাব দিতে জনগণের প্রতি আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, ‘দল যার তার দেশটা সবার, গণতন্ত্র অব্যাহত রাখতে উন্নয়নের পাশাপাশি অপপ্রচার রোধেও জনগণকে সজাগ থাকতে হবে।’
দেশে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনবহুল এই দেশে একটি রাজনৈতিক দলের কিছু দুষ্ট লোক এমন ঘটনা ঘটাচ্ছে। এর ফলে দেশের উন্নয়ন ব্যাহত হলে সংশ্লিষ্টদের সেই দায় নিতে হবে। বিএনপি সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বলেও জানান তিনি।
নাম উল্লেখ না করে ওই রাজনৈতিক দলকে উদ্দেশ করে তারেক রহমান বলেন, ‘দয়া করে আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন।’
তিনি আরও বলেন, ১৭ বছর স্বৈরাচারী সরকার জনগণের কণ্ঠরোধ করে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছিল। ১২ ফেব্রুয়ারি জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় এসে সেই অধিকার ফিরিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
এর আগে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচিতে অংশ নিতে বৃহস্পতিবার দুপুর ২টার পর ঢাকা থেকে সড়কপথে ফেনীর পরশুরামে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।















