চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাঢ়া গ্রামে দেলোয়ার হোসেন প্রধানীয়ার কাঠের ফার্নিচারের দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোহাগ হোসেন (২৬)। তিনি কচুয়া উপজেলার আকানিয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে হাজীগঞ্জের আলীগঞ্জ বাজারসংলগ্ন একটি ভাড়া বাসায় থাকতেন। অপরজন মো. ইয়াছিন (২৩)। তিনি হাজীগঞ্জ উপজেলার লাউকড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে হাজীগঞ্জের মমিন রোডের পাটোয়ারী ভিলায় ভাড়া থাকতেন।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই নিজাম উদ্দিন ও এএসআই ফারুক আহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তাঁদের হেফাজত থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় শাহরাস্তি মডেল থানায় মামলা করা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর ৬, তারিখ ৬ নভেম্বর ২০২৬ এবং জিআর নম্বর ৩৪৯।
শাহরাস্তি মডেল থানার পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

























