গান, নৃত্য ও আবৃত্তির মোহনীয় পরিবেশনার মধ্য দিয়ে চাঁদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। কবিগুরুর জন্মজয়ন্তীকে ঘিরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ব্যক্ত হোক জীবনের জয়’।
শুক্রবার (০৮ মে) বিকেল থেকে শুরু হওয়া এ আয়োজনে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রায় ৮০ জন শিল্পী অংশ নেন। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মনোজ্ঞ এ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, নৃত্য ও আবৃত্তির পরিবেশনায় পুরো মিলনায়তন হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
সাংস্কৃতিক পরিবেশনার ফাঁকে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি তার বক্তব্যে জেলায় সাংস্কৃতিক চর্চা আরও বেগবান করতে নানা গুরুত্বপূর্ণ পরামর্শ দেন এবং সংস্কৃতিমনা মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে এ ধরনের সাংস্কৃতিক আয়োজনে শ্রোতা-দর্শকদের আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানান।
এদিন শিল্পীদের সাথে জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান এর হৃদয়ছোঁয়া পরিবেশনা ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জেলা শিল্পকলা একাডেমিতে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর আবহ। সুরের মূর্ছনায় মুগ্ধ হয়ে আগত দর্শকরা উপভোগ করেন এক দারুণ সাংস্কৃতিক সন্ধ্যা।
একদিকে শিল্পীদের নান্দনিক পরিবেশনা, অন্যদিকে দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি-সব মিলিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন যেন পেয়েছে এক অনন্য মর্যাদা ও উৎসবের রূপ। পরে সকলের অংশগ্রহনে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি হয়।
শাহরিয়া বিন ইয়াহিয়া 



















