‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনে দেশ, সবার আগে বাংলাদেশ’ এই শ্লোগানে চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলা পর্যায়ে সুশিক্ষায় মেধাবী শিক্ষক ও উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী এই শিরোনামের প্রতিযোগিতা অনুষ্ঠিত ও বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত প্রতিযোগিতা পরিদর্শন এবং বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এর আওতাভুক্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নাধীন এডুকেশনাল এক্সিলেন্স সার্পোট স্কিম (ইইএসএস) এর আওতায় দেশব্যাপী উপজেলা পর্যায়ে হাজীগঞ্জে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) ১১টি টিম অংশগ্রহণ করে। এর মধ্যে হাজীগঞ্জ সরকারি মডেল পাইল হাই স্কুল এন্ড কলেজের দুইটি টিম প্রথম ও তৃতীয় এবং হাজীগঞ্জ ডিগ্রি কলেজ দ্বিতীয় স্থান অর্জন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংসদ ইঞ্জি. মমিনুল হক বলেন, এই প্রতিযোগিতাক্রীড়া ও দেশীয় সংস্কৃতি শিক্ষা অন্তর্ভুক্তি, সুপ্ত প্রতিভা বিকাশের পথ উন্মুক্ত, সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা সৃষ্টিতে গুরুত্বারোপ এবং ‘সুশিক্ষায় মেধাবী শিক্ষক’ প্রভৃতি বাস্তবায়নে সহায়ক হবে।
তিনি বলেন, শুধুমাত্র গতানুগতিক পড়ালেখা নয়। শ্রেণি কার্যক্রমের পাশাপাশি এক্সটা কারিকুলামের প্রতি গুরুত্বারোপ করতে হবে। খেলাধূলা, পরিস্কার-পরিচ্ছন্ন, সাংস্কৃতিক ও বিজ্ঞান ভিত্তিক প্রতিযোগিতার আয়োজন এবং শিক্ষার্থী যে যেই বিষয়ের প্রতি আগ্রহী, তাকে সেই বিষয়ের গাইডলাইন দিতে হবে। এক্ষেত্রে আমার সবধরনের সহযোগিতা থাকবে। আগামি দিনে আমি সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলবো এবং প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবো।
বক্তব্য শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে সাংসদ ইঞ্জি. মমিনুল হককে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী রচিত কাব্যিক পুর্নতা বইটি প্রদান করা হয়।
প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুযযাম্মেল হুসাইন, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী’সহ অন্যান্য সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।























