চাঁদপুর সদর উপজেলার আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক ডা. মোঃ আশরাফ আলীর বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতা, পদোন্নতি, স্বাক্ষর জাল ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে।
জেলা প্রশাসকের কাছে দেওয়া লিখিত অভিযোগে বলা হয়েছে, ডা. আশরাফ আলী এসএসসি পাস করে ওই প্রতিষ্ঠানে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে কলেজের সভাপতি ও অধ্যক্ষের স্বাক্ষর জাল করে ২০১৯ সালে সহকারী অধ্যাপক পদে উন্নীত হওয়ার অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও দাবি করা হয়, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা পূরণ না করেই ২০২৩ সালে তাকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়। এছাড়া সরকারি বেতন-ভাতা গ্রহণ এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালনের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ রয়েছে।
অভিযোগকারী এসব বিষয়ে সংশ্লিষ্ট নথিপত্রের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে অভিযোগগুলোর বিষয়ে ডা. মোঃ আশরাফ আলীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে বিষয়টির প্রকৃত চিত্র নিশ্চিত হওয়া সম্ভব।



























