চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় রাতের বেলায় অযাচিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার অভিযোগে ১৭ কিশোরকে আটক করেছে শাহরাস্তি থানা-পুলিশ। পরে থানা রেকর্ডপত্র ও সিডিএমএস (ক্রাইম ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম) যাচাই করে তাদের বিরুদ্ধে বিরূপ কোনো তথ্য না পাওয়ায় প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
শনিবার (১০ অক্টোবর) রাতে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে থানা-পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ১৭ কিশোরকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, আটকের পর কিশোরদের রাতের বেলায় ঘোরাফেরার কারণ জানতে চাওয়া হলে তারা সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেনি। পরে তাদের অভিভাবকদের থানায় ডেকে পাঠানো হয়। অভিভাবকেরা ভবিষ্যতে সন্তানদের পড়াশোনায় মনোযোগী রাখা এবং রাতের বেলায় অযাচিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা থেকে বিরত রাখার বিষয়ে আশ্বস্ত করেন। এ সময় অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক নজর রাখার পরামর্শ দেওয়া হয়।
পুলিশ আরও জানায়, কিশোরদের মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং তাদের সংশোধনের লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক কিশোরদের বিরুদ্ধে থানা রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনায় বিরূপ কোনো তথ্য না পাওয়ায় তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়।
শাহরাস্তি থানা-পুলিশ জানিয়েছে, কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা, তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
























