শিক্ষার আলো ছড়িয়ে মেধা বিকাশ ও শিক্ষার্থীদের উৎসাহিত করার মহৎ লক্ষ্য নিয়ে চাঁদপুর জেলার হাজীগঞ্জে উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক ও শিক্ষাপ্রিয় সংগঠন ‘উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘ’-এর উদ্যোগে ‘মেধা যাচাই বৃত্তি পরীক্ষা–২০২৬’ সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩১ অক্টোবর রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৬০০ জন শিক্ষার্থী অংশ নেয়। বিপুলসংখ্যক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কেন্দ্র প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।

শিক্ষার্থীদের মেধা বিকাশ, জ্ঞানচর্চায় আগ্রহ সৃষ্টি, সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলা এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে অনুপ্রেরণা জোগানোই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।
পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন ১নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম; বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং রাজারগাঁও ইউনিয়নের আমীর ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মাকসুদুর আলম শুক্কুর; রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনিসুর রহমান; এবং ১নং রাজারগাঁও ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন ভূঁইয়া।
এ সময় উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়ক ইয়াছিন মোল্লা, বৃত্তি পরীক্ষা কমিটির চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম, পরীক্ষার পরিচালক মোঃ ইয়াছিন আল ফারুক, সংঘের সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক শাহরিয়ার মামুন এবং সাধারণ সম্পাদক ও বৃত্তি পরীক্ষার সদস্য সচিব মোঃ জুনায়েদ হোসেন। এছাড়াও সংঘের স্থায়ী, কেন্দ্রীয় ও শাখা কমিটির নেতৃবৃন্দ পরিদর্শনকালে সঙ্গে ছিলেন।
অতিথিরা পরীক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি ও সার্বিক পরিচালনা কার্যক্রম পর্যবেক্ষণ করে আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শিক্ষাই জাতির উন্নতি ও সমৃদ্ধির প্রধান ভিত্তি। কেবল পরীক্ষা পরিচালনা নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে অধ্যবসায়, নৈতিকতা ও দেশপ্রেম জাগ্রত করাই তাঁদের উদ্দেশ্য। ভবিষ্যতেও শিক্ষার প্রসার ও সমাজকল্যাণমূলক এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা প্রত্যয় ব্যক্ত করেন।















