চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে বাকিলা বাজারের তাজ হোটেলকে ১০ হাজার টাকা এবং মুন্সি এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের উদ্যোগে মহামায়া, বাকিলা ও বলাখাল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ফ্রিজে বাসি খাবার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং খাবারে ক্ষতিকর রং ব্যবহারের অপরাধে তাজ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, অনুমোদনহীন নিম্নমানের এলইডি লাইট বিক্রির অপরাধে মুন্সি এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে। এ সময় পচা-বাসি খাবার ও ক্ষতিকর রং ধ্বংস করা হয়।
অভিযানের অংশ হিসেবে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রি না করা এবং অবৈধ মজুতদারি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।























