চাঁদপুরের মতলব উত্তরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ মো. আলী হোসেন (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩০ জুন) সকালে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল ইসলাম খান জানান, স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে উপজেলার জহিরাবাদ ইউনিয়নের পাঁচানি নেদামদী এলাকা থেকে আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৩৫৫ পিস ইয়াবা, একটি চাইনিজ কুড়াল, একটি দেশীয় অস্ত্র ও দুটি ছুরি জব্দ করা হয়।
মানজুরুল ইসলাম খান জানান, জব্দকৃত মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মতলব উত্তর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




























