চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলাকান্দা বউবাজারে সরকার কর্তৃক নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ, ঘরবাড়ি ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ছেংগারচর পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বউবাজারের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তীব্র প্রতিবাদ জানান।
মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মোহন প্রধান, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. মফিজুল ইসলাম জমাদ্দার, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন বাবলা, যুবদল নেতা ইমরান হোসেন বাবু, মোহাম্মদ রিপন প্রধান, যুবদল নেতা মো. মাইনুদ্দীন সিকদার, যুবদল নেতা আব্দুর রশিদ সরকার এবং কলাকান্দা ইউনিয়ন কৃষক দলের সভাপতি আক্তার হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
বিক্ষোভ-পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, সরকার কর্তৃক নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও তাদের দোসরেরা দেশকে অস্থিতিশীল করতে অগ্নিসংযোগ, ঘরবাড়ি ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রুখে দেবেন। অবিলম্বে এসব নাশকতা ও নৈরাজ্যের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

























