কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের দোঘর গ্রামে জমিজমা বিরোধের জের ধরে নতুন ঘর ভেঙে ফেলে তছনছ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার দিবাগত রাতে ওই গ্রামের কাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বিল্লাল হোসেন জানান, আমার স্ত্রী জাহানারা বেগমের ওয়ারিশ সম্পত্তি ৯ শতাংশ জমির উপর (৫ জুন) শুক্রবার নতুন ঘর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ ওই গ্রামের মৃত কাজী মোস্তফা কামালের ছেলে ইমরান হোসেন গংরা বাঁধা প্রদান করেছেন।
এ সময় ঘর ভেঙ্গে ফেলে দিবে বলে আমাদেরকে হুমকি ধামকি প্রদান করে ইমরান হোসেন ও তার ভাই রবিউল ইসলাম। ওইদিন রাতে কোন এক সময় আমরা না থাকায় ওই সুযোগ নিয়ে নতুন ঘরটি ভেঙ্গে তছনছ করে অন্য জায়গায় ফেলে দেয় । এতে আমার প্রায় চার লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী বিল্লাল হোসেন আরো বলেন, ইমরান হোসেন আমার স্ত্রীর ভাইয়ের ছেলে। আমার স্ত্রী তার ওয়ারিশের জায়গায় দখল করতে গেলে বিভিন্ন হুমকি ধামকি প্রদান করেন এবং আমাদের উপর আক্রমণ করার জন্য বিভিন্ন পরিকল্পনা করে থাকেন।
বিবাদী ইমরান হোসেন জানান, মূলত ৯ শতাংশ জায়গার মধ্যে আমার ফুফু ওয়ারিশ হিসেবে সকল জমিজমার হিসাব অনুযায়ী দুই শতাংশ জায়গা পায়। দুই শতাংশ জায়গার থেকে আমাদের বাবা ও চাচাদের ৭ শতাংশ জায়গায় উপর বহিরাগত লোকজন ভাড়া করে এনে জোরপূর্বক ভাবে ঘর নির্মাণ করেন বিল্লাল হোসেন। ঘর কে বা কারা ভাঙছে আমাদের জানা নেই।





























