চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দই-মিষ্টি ও খাবারের দোকানে ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার সকালে সাচার বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির। অভিযানে মুসলিম সুইটমিট, বিসমিল্লাহ সুইটমিট, ইসলামিয়া সুইটমিট, জগন্নাথ মিষ্টি ভান্ডার কারখানা ও খাবারের বন্ধু হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় চারটি মিষ্টির দোকানকে ৫০ হাজার টাকা এবং একটি খাবারের হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৫২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির জানান, খাবারে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দই-মিষ্টির নির্ধারিত মূল্য প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জনস্বার্থে উপজেলার বিভিন্ন স্থানে ভেজালবিরোধী ও বাজার তদারকি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অভিযানকালে সাচার পুলিশ ফাঁড়ির সদস্য, বাজার ব্যবসায়ী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





























