চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা, রাসায়নিক সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং বিভিন্ন ফসল ও বৃক্ষের আবাদ সম্প্রসারণের লক্ষ্যে এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. মো. সাজ্জাদুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা ইউনুছ পাটোয়ারী।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৮৮৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীকে বিনামূল্যে কৃষি উপকরণ দেওয়া হচ্ছে। এর মধ্যে আমন ধান চাষে ৬০০ জন, শাকসবজি চাষে ৭০০ জন, চারা উৎপাদনে ৫১০ জন, মরিচ চাষে ৫০ জন এবং লেবু চাষে ২৫ জন কৃষক প্রণোদনা পাচ্ছেন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল হাসান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শ্রীবাস চন্দ্র দাস, উপসহকারী কৃষি কর্মকর্তা বলরাম সাহা, মো. মকবুল আহমেদসহ কৃষি বিভাগের কর্মকর্তারা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।




























