চাঁদপুরের শাহরাস্তির ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে ২০ জন চোখের ছানী পড়া রোগীর অপরেশন সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন ২০২৬) ঢাকার লায়ন্স চক্ষু হসপিটালে এসব রোগীদের অপারেশন করা হয়।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, শাহরাস্তি উপজেলায় ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশন বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প চালু করে।
গতমাসে উপজেলার বলশিদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়ে চক্ষু চিকিৎসা ক্যাম্প থেকে যাচাই-বাছাই এর মাধ্যমে ২০ জন রোগীকে ডাক্তারের পরামর্শে গতকাল ২৯ জুন ঢাকার লায়ন্স চক্ষু হসপিটালে ভর্তি করা হয়। প্রথম ধাপে ২০ জন ছানী পড়া রোগীকে ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ঢাকা লায়ন্স চক্ষু হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তারদের তত্বাবধানে ছানী অপারেশন ও লেন্স পরানো সম্পন্ন করা হয়। অপারেশনের জন্য যাতায়াত, থাকা- খাওয়া, ঔষধ ও হসপিটালের সকল খরচ ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশনের পক্ষ থেকে বহন করা হয়।
উল্লেখ্য যে, ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশনের উদ্যেগে গত শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে একটি চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশন আয়োজিত সেই চক্ষু সেবা ক্যাম্পে ঢাকা লায়ন্স চক্ষু হসপিটালের ৪ জন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। আগত রোগীদের মধ্যে যাচাই বাছাই শেষে ১৮ জন ছানী পড়া রোগী শনাক্ত করা হয় তাদেরকে দ্বিতীয় ধাপে ঢাকা লায়ন্স চক্ষু হসপিটালে ছানী অপারেশন ও লেন্স পরানো জন্য নেওয়া হবে। চিকিৎসাকালীন রোগীদের যাতায়াত থাকা-খাওয়া ও চিকিৎসাসহ সকল ধরনের ব্যবস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বলে জানা যায়।
আগামী দিনগুলোতে শাহরাস্তিতে আরো ১০ টির মত চক্ষু চিকিৎসা ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে বলে জানান ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্তরা।
ছানী অপারেশনের সময় ঢাকা লায়ন্স চক্ষু হসপিটালে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মকবুল হোসেন পাটোয়ারী। ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি মো.জামাল হোসেন, ফাউন্ডেশনের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম মজুমদার ও রোগীদের যাতায়াতের সার্বিক সহযোগিতা করেন আনিসুর রহমান মাস্টার।




























