চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী বাজারে নিয়ন্ত্রণহীন একটি অটোরিকশার চাপায় হাফসা আক্তার (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার (১৯ জুলাই) বিকেল আনুমানিক ৩টার দিকে চিতোষী বাজারে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়ার পথে মৃত্যু হয়। নিহত হাফসা উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চাঁন্দল গ্রামের মো. হামিদের মেয়ে এবং চিতোষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় হাফসা তার বাবার দোকানে বসে ছিল। এ সময় বাজারে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার চালক গাড়িতে চাবি রেখেই বাইরে যান। অভিযোগ রয়েছে, অটোরিকশায় থাকা এক যাত্রীর সঙ্গে আসা একটি শিশু খেলতে গিয়ে গাড়ির পিকআপ চেপে ধরলে অটোরিকশাটি হঠাৎ সামনের দিকে ছুটে যায়। নিয়ন্ত্রণহীন গাড়িটি সজোরে হামিদের দোকানের ভেতরে ঢুকে পড়লে হাফসা চাপা পড়ে গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।




























