যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় শাহরাস্তির খিলা বাজার স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে প্রতিষ্ঠানের হলরুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খিলা বাজার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইমরান হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক কাউসার আলম।
প্রধান অতিথির বক্তব্যে খিলা বাজার স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য, খিলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মো. মাহবুব আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন প্রজন্মের কাছে এ আন্দোলনের চেতনা ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মোস্তফা কামাল, যুবদল নেতা ইকবাল মাহমুদ, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন মহিলা দলের নেত্রী ও ইউপি সদস্য রৌশন আরা, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিব ইব্রাহিম, প্রবাসী তারিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন মিয়া, শিক্ষক শিউলি আক্তার, সিনিয়র শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং মো. কামাল উদ্দিন।
দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।




























