কচুয়া উপজেলার শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশার বিশেষভাবে তৈরি গোপন বক্স থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ। এ সময় মাদক পরিবহন ও মাদক ব্যবসায় জড়িতের অভিযোগে সিএনজিচালক হানিফ মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল ইসলাম ও পুলিশ পরিদর্শক তদন্ত রাশেদুল হকের নেতৃত্বে এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া উপজেলার শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।
বিকেল সাড়ে ৫টার দিকে চান্দিনা দিক থেকে আসা একটি যাত্রীবিহীন সিএনজিকে থামানোর সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাকে আটক করে।
তল্লাশিকালে সিএনজির পেছনের সিটের নিচে বিশেষভাবে তৈরি একটি গোপন বক্স থেকে খাকি স্কচটেপে মোড়ানো ৮টি বান্ডেলে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সবুজ রঙের সিএনজি অটোরিকশা এবং একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। জব্দকৃত আলামত থেকে নমুনা সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে।



























