চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪৬ কোটি ৬০ লাখ ৬১ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে নাগরিক সেবা সম্প্রসারণ, নগরায়ণ ও অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বাজেট উপস্থাপন করেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মসিউর রহমান।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১১ কোটি ১৫ লাখ ৭৪ হাজার টাকা এবং উন্নয়ন আয় ৩৪ কোটি ৬৯ লাখ ৮৬ হাজার টাকা। এর বিপরীতে মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ কোটি ৫৪ লাখ ৪০ হাজার টাকা। এর মধ্যে উন্নয়ন খাতে ব্যয় হবে ৩৪ কোটি ৩৭ লাখ টাকা। আয়-ব্যয় শেষে পৌরসভার বাজেটে ১ কোটি ৬ লাখ ২১ হাজার টাকা উদ্বৃত্ত থাকবে।
বাজেট অনুষ্ঠানে পৌর প্রশাসক মনিরা খাতুন বলেন, “নগরায়ণ ও নাগরিক সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।” স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে বাজেট বাস্তবায়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, পৌরবাসীর মৌলিক সেবা বৃদ্ধি এবং ভৌত অবকাঠামোর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রশীদ, সমাজসেবা কর্মকর্তা মো. ইসহাক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া পৌর বিএনপির আহ্বায়ক মো. আবুল কালাম, যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, ছাত্রদলের সাবেক সভাপতি জুবায়ের আল নাহিয়ান রাজু এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েল উপস্থিত ছিলেন।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, মো. মাসুদ রানা, ফয়সাল ও সিহাবসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




























