মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহত হওয়ার খবর এসেছে দেশে তার পরিবারের কাছে।
নিহতের নাম মো. সজীব (২৫)। তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে।

পরিবার জানিয়েছে, ২০২৩ সালে সৌদি আরবে যান সজিব। তিনি দেশটির জুবাইল শহরে কর্মরত ছিলেন।
গত রবিবার (৪ অক্টোবর) সেখানে একটি ক্ষেপণাস্ত্র হামলায় ঘটনাস্থলেই সজীবের মৃত্যু হয়।
সৌদি আরবে কর্মরত আল আমিন নামের আরেক প্রবাসী মৃত্যুর এই খবর দিয়েছেন বলে সজিবের চাচা আবুল কাশেম জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, সজিবের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পারিভারিকভাবে দাফনের জন্য তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন।
এদিকে একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে সজিবের পরিবার এখন দিশেহারা। পরিবারসহ পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ সাংবাদিকদের বলেন, সজিবের মরদেহ দ্রুত দেশে আনতে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন তিনি।
খবরটি পেয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলামও। তিনি জানিয়েছেন, নিহতের পরিবার যোগাযোগ করলে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা থামলেও এখন ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
























