সুজন দাস :
চাঁদপুর-৫ আসনের (হাজীগঞ্জ ও শাহরাস্তি) নব-নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে হাজীগঞ্জে সাংসদের ব্যবসায়িক কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষক নেতারা। এ সময় এক সংক্ষিপ্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়।
হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার শিশিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষক প্রতিনিধিরা নব-নির্বাচিত সাংসদকে অভিনন্দন জানিয়ে বলেন, এলাকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষক সংকট নিরসন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তাঁর সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।
বক্তারা আরও উল্লেখ করেন, হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট, শিক্ষাসামগ্রীর অভাব এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ সীমিত। এসব সমস্যা সমাধানে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন তারা। একই সঙ্গে শিক্ষকদের পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ ও প্রণোদনার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
নব-নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক শিক্ষকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং শিক্ষার মানোন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করা অত্যন্ত জরুরি। তিনি শিক্ষক সমাজকে আশ্বস্ত করে বলেন, শিক্ষা খাতের উন্নয়নে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন এবং বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে বিদ্যালয়গুলোর সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করবেন।
তিনি আরও বলেন, শিক্ষা শুধু পাঠ্যপুস্তকভিত্তিক নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা ও মূল্যবোধ শিক্ষার মাধ্যমেও একজন শিক্ষার্থীকে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই শিক্ষকদের ন্যায্য দাবি ও উন্নয়নমূলক কার্যক্রমে তিনি পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
তাঁর এই বিজয়ে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
Reporter Name 

















