মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম বলেছেন, যাকাত ধনী ও গরীবের মধ্যে ভালোবাসার সেতু বন্ধন মজবুত করে। যাকাত আত্মাকে পাক-পবিত্র ও পরিশুদ্ধ করে। যাকাত দেওয়ার মাধ্যমে কৃপণতার মতো ঘৃণিত চরিত্র থেকে দূরে থাকা যায়।
মঙ্গলবার ( ১৭ মার্চ ২০২৬) দুপুরে কচিকাঁচা মিলনায়তনে মতলব দক্ষিণের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন আল- আমিন ক্রীড়া চক্রের আয়োজনে যাকাত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের আজীবন সদস্য ও বিভাগীয় কর কমিশনার রোমান আহমেদ সরকার বলেন, অভাবগ্রস্ত ও হত-দরিদ্র জন গোষ্ঠীর প্রতি দয়া, অনুগ্রহ ও সহানুভূতি করতে একজন মুসলিমকে অভ্যস্ত ও যোগ্য করে গড়ে তোলে যাকাত। যাকাত দেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে বরকত লাভ, সম্পদ বৃদ্ধি ও প্রতিদান অর্জন হওয়া যায়।
সংগঠনের যাকাত উপ- কমিটির আহবায়ক ও দুর্নীতি দমন কমিশনের পরিচালক শিহাব উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোজাম্মেল হক খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব বাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি গোলাম সারওয়ার ফরিদী, ক্লাবের সভাপতি এস এম সেলিম, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদল, ক্লাবের কর্মকর্তা শোয়েব আহমেদ সরকার, প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু, উপজেলা যুবদলের আহবায়ক মুজাহিদুল ইসলাম কিরণ, যুগ্ম- আহবায়ক জহিরুল ইসলাম জহির, এস আই মো. আউয়াল প্রমুখ।
এ সময় ক্লাবের সহ-সভাপতি দেওয়ান সুরুজ,সদস্য মনির হোসেন বেপারী, আকতার হোসেন লিটনসহ অন্যান্যরা উপস্থিতি ছিলেন।
ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদল বলেন, আমাদের ক্লাবের লন্ডন প্রবাসী সাবেক সাধারণ মনিরুজ্জামান খান টিপু এ যাকাত ফান্ড গঠনে মুখ্য ভূমিকা পালন করেন।এছাড়া দেশীয় সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের জন্য আমরা এ কাজটি প্রতি বছর করতে পারছি। এ বছর রিকশা, সেলাইমেশিন, হুইলচেয়ার, ঢেউটিন ও নগদ অর্থ দিয়ে আমরা এলাকার ৫২টি দরিদ্র পরিবারকে সহায়তা করতে পেরেছি।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সংগঠনের সদস্য মোঃ মহসিন রেজা পাটোয়ারী।
সফিকুল ইসলাম রিংকু 
























