‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে হাজীগঞ্জে বিজ্ঞান মেলা, সেমিনার, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, উপজলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। বর্তমান যুগ বিজ্ঞান প্রযুক্তির যুগ, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। একটি দেশ বিজ্ঞান প্রযুৃক্তিতে যতো উন্নত সে দেশ ততোই এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ এখন ভীষণ ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের পেছনে তাকালে দেখবেন শুধু সংগ্রামের ইতিহাস। বাংলাদেশ যেন প্রতিটা ক্ষেত্রে সংগ্রামের মধ্যেই চলছে। আমি এই অনুষ্ঠানে এসে বুঝলাম, উপলব্ধি হলো বাংলাদেশের পেছনে সংগ্রামের ইতিহাস হলেও সামনের দিনগুলো অপার সম্ভাবনার। এই যে ছোট ছোট স্কুলের ছেলেমেয়েরা এতো এতো উদ্ভাবন করলো তা আমরা উৎসাহ দিতে হবে, রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করতে হবে, তবেই তারা আরো নতুন নতুন আবিস্কারে মত্ত হবে। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, বাংলাদেশের তরুণরাও একদিন চাঁদে যাবে। সেই প্রত্যাশা করছি।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মেলায় সিনিয়র গ্রুপে প্রথম হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ও দ্বিতীয় হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ।
এ ছাড়াও জুনিয়র গ্রুপে প্রথম হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও তৃতীয় বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়।
একই সময়ে কুইজ প্রতিযোগীতায় প্রথম হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ ও তৃতীয় বলাখাল যোগেন্দ্র নারায়াণ উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ ছাড়া বিজ্ঞান অলিম্পিয়াডে সিনিয়র গ্রুপে প্রথম হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী শেখ নুরজাহান আক্তার, দ্বিতীয় রাহমুনা নূর নূহা, তৃতীয় জুবাইদা ইসলাম, চতুর্থ সাবিহা ইশরা ও পঞ্চম জান্নাতুল নাইম ইকরা।
অলিম্পিয়াডের জুনিয়র গ্রুপে প্রথম হয়েছেন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আরিয়ান আল সামি, দ্বিতীয় হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জেবা তাসনিয়াহ, তৃতীয় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী তাহমিদ ফয়সাল, চতুর্থ আল কাউসার স্কুলের শিক্ষার্থী মুমতাহিন রিজভী ও পঞ্চম হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ফাহজাবিন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরীর উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. মোহাম্মদ আশেকুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান’সহ অন্যান্য সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Reporter Name 

















