মাদক নির্মূলে বিভিন্ন সময়ে আমরা নানা উদ্যোগ ও কথাবার্তা শুনলেও প্রকৃতপক্ষে সমাজ থেকে মাদক নির্মূলে রাজনৈতিক অঙ্গীকার এবং প্রশাসনিক তৎপরতার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী সাংবাদিক ও সংগঠক জাকির মজুমদার।
শনিবার বিকালে মকিমাবাদ ৪নং ওয়ার্ড যুবসমাজের উদ্যোগে মাদক বিরোধী একটি সভায় যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি। এসময় যুব সমাজের মাদকবিরোধী অবস্থানের প্রশংসা করেন জাকির মজুমদার।

মাদকবিরোধী সভায় সংক্ষিপ্ত বক্তব্য তিনি বলেন, আমরা দেখেছি বিভিন্ন পর্যায়ে মাদকবিরোধী কথাবার্তা হচ্ছে। আমরা মাদকবিরোধী কথাবার্তা শুনলেও আসলে মাদক নির্মুল ও প্রতিরোধে রাজনৈতিক অঙ্গীকার নেই। একইভাবে প্রশাসনিক সদিচ্ছা এবং তৎপরতারও অভাব রয়েছে।
জাকির মজুমদার বলেন, আমরা মাদকসেবীদের বিষয়ে বেশি সোচ্চার। মুলত মাদকসেবীর চেয়ে যারা মাদক কারবারী তাদের বিরেুদ্ধে সবচেয়ে বেশি প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।
তিনি বলেন, মাদক বিক্রেতাকে পরিবার, তার নিজ বাড়ি, মহল্লা, সমাজ, রাজনৈতিক অঙ্গন ও প্রশাসনিকভাবে প্রতিরোধের মুখে ফেলতে হবে। তাদেরকে সর্বক্ষেত্রে একঘরে করে মাদক কারবারের জায়গা থেকে নির্বৃত করতে হবে।
মেয়র প্রার্থী জাকির মজুমদার আরও বলেন, সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গীকারের মাধ্যমে মাদক কারবারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। মাদক নির্মূল করা গেলে পরিবার, সমাজের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা যাবে।
তিনি মাদকের বিরুদ্ধে ৪নং ওয়ার্ডের যুব সমাজের শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে রাজনৈতিক ও প্রশাসনিক শক্তির সঙ্গে সমন্বয় করে মাদক নির্মুলে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান এই মেয়র প্রার্থী।
৪নং ওয়ার্ডের নাগরিক সমাজের প্রতিনিধি ও এলাকার মুরব্বি হারুন অর রশিদ বেপারির সভাপতিত্বে এলাকার সর্বস্তরের তরুণ ও যুবসমাজ এই মাদকবিরোধী সভায় অংশগ্রহণ করেন।
সভা পরিচালনা করেন এলাকার তরুণ সমাজের প্রতিনিধি কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ইকরাম হোসেন মিয়াজি।
























