চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের পৃথক দুটি অভিযানে ১৫টি ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় ১১টি মাদক মামলার আসামি দেলোয়ার হোসেন দেলু (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হাজীগঞ্জ থানা–পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (২২ জুলাই) এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকার কাজীবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মৃত রতন কাজীর ছেলে দেলোয়ার হোসেন দেলুকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর ঘরের খাটিয়ায় বিছানো তোশকের নিচে তল্লাশি চালিয়ে ১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
হাজীগঞ্জ থানার পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দেলোয়ার হোসেন দেলুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। থানা পুলিশের সিডিএমএস তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় এর আগে ১১টি মাদক মামলা রয়েছে।
এদিকে একই রাতে উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে একটি গ্যারেজঘরের ভেতরে রাখা কাগজের বাক্স থেকে সাদা পলিথিনে মোড়ানো ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, গাঁজা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।




























