হাজীগঞ্জের কৃতি সন্তান, হাজীগঞ্জ দারুল উলুম আহমাদীয়া কামিল মাদরাসার প্রাক্তণ শিক্ষার্থী, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক (৪৩) মারা গেছেন। বুধবার (২৩ জুলাই) ভোর ৬টা ৩০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মোহাম্মদ সাইফুল মালিক চাঁদপুরের হাজীগঞ্জের ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহারা গ্রামের বীরমুক্তিযোদ্ধা মরহুম আবুল কালামের বড় ছেলে। তারা পৌরসভাধীন মকিমাবাগ্রামের সাবেক র্যালি অফিস (কলেজ রোডে) বাড়ী করে বসবাস করছে।

তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী, অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মোহাম্মদ সাইফুল মালিক বাংলাদেশ পুলিশের ৩৪তম ব্যাচের বিসিএস ক্যাডার। তিনি একজন সৎ, দক্ষ, মানবিক ও কর্তব্যনিষ্ঠ কর্মকর্তা হিসেবে সুপরিচিত ছিলেন। কর্মজীবনের প্রতিটি ধাপে তিনি সততা, পেশাদারিত্ব এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সহকর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। জনসেবায় তার আন্তরিকতা এবং ন্যায়নিষ্ঠ ভূমিকা তাকে একজন জনপ্রিয় কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।
তার মৃত্যুতে পুলিশ প্রশাসন, সহকর্মী, বন্ধু-বান্ধব, চাঁদপুর ও কুমিল্লার সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও শুভানুধ্যায়ী মহল তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জানাযায়, মোহাম্মদ সাইফুল মালিকের স্ত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। তার এক ছেলে এক মেয়ে। তার বাবা ছিলেন হাজীগঞ্জের বীরমুক্তিযুদ্ধ মরহুম আবুল কালাম। তারা ভাই-বোন ৪জনের মধ্যে সাইফুল মালিক সবার বড়। তার আরেক ছোট ভাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় পিএইচডি করছে। সবার ছোট ভাই কামরুল ইসলাম একজন ব্যবাসায়ী।



























